নিলামে লাদেনের মুখ


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৯ জুন ২০১৫

আমেরিকার সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ) ওসামা বিন লাদেন-এর একটি পুতুল বানিয়েছিল যার মুখটা একটা রাক্ষসের মতো। এমনটা করার একমাত্র উদ্দেশ্যে ছিল আমেরিকার বাচ্চারা যাতে আল কায়দা প্রধান ওসামাকে আইডোলাইজ না করে। এবার ১২ ইঞ্চি লম্বা সেই পুতুলটির বিক্রি হবে লস অ্যাঞ্জেলসে।

জিআই জো-র অ্যাকশন ফিগারের স্রষ্টা ডোনাল্ড লেভিন পুতুলটির নকশা করেছিলেন। সিআইএ-র অনুরোধে তৈরি করা তিনটি পুতুলের একটি রয়েছে সিআইএ-এর কাছে এবং বাকি দুটি ছিল লেভিন পরিবারের কাছেই।

লেভিন পরিবারের কাছে থাকা দুটি পুতুলের মধ্যে একটি নিলামে বিক্রি করা হয় ২০১৪ সালের নভেম্বর মাসে। আমেরিকার এক ক্রেতা সেটি কিনে নেন ১১ হাজার ৮৭৫ মার্কিন ডলারে। তার নাম অবশ্য প্রকাশ করা হয়নি।

ডোনাল্ড লেভিনের ছেলে দ্বিতীয় পুতুলটিও এবার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। মেমোরেবিলিয়া অকশনার ন্যাটে ডি স্যান্ডার্স রয়েছে নিলামের দায়িত্বে।

এই পুতুলটির নিলামের প্রথমিক মূল্য পাঁচ হাজার মার্কিন ডলার ধার্য করা হয়েছে। পুতুলটির দুটি মুখ রয়েছে। একটি মুখ অবিকল ওসামা বিন লাদেনের মতো এবং সেই মুখটি ঘুরিয়ে দিলেই সামনে চলে আসে রাক্ষসরূপী লাদেনের মুখ।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।