গ্রিসে ঋণ সংকট : এক সপ্তাহের মধ্যে চুক্তি


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৩ জুন ২০১৫

গ্রিসের ঋণ খেলাপি হওয়া ঠেকাতে আগামী এক সপ্তাহের মধ্যে একটি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোজোনের নেতারা।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, গ্রিসের উত্থাপিত নতুন প্রস্তাবে ‘বেশ কিছু অগ্রগতির’ কথা উল্লেখ রয়েছে। তবে তিনি এও বলেন, এখনও অনেক কাজ বাকি রয়েছে এবং ‘সময় খুব সংক্ষিপ্ত’।

গ্রিসকে এমাসের শেষ নাগাদের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)’র এক দশমিক ৬ বিলিয়ন ইউরোর ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে অথবা দেশটিকে একক মুদ্রা ও ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়তে হবে।

গ্রিসের ঋণ সংকট নিয়ে গত পাঁচ মাস ধরে আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে। এদিকে গ্রীস অর্থনৈতিক সংস্কারে রাজি না হওয়ার আগ পর্যন্ত ইউরোপীয় কমিশন, আইএমএফ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ৭ দশমকি ২ বিলিয়ন ইউরোর বেইলআউট তহবিল ছাড় করতে অনাগ্রহ দেখাচ্ছে। কেবল একটি চুক্তি হলেই আন্তর্জাতিক ঋণদানকারী এসব সংস্থা ওই অর্থ ছাড় করবে।

ব্রাসেলসে একটি জরুরী সম্মেলনে জড়ো হওয়া ১৮ জাতির ইউরোজোনের নেতারা সতর্ক আশাবাদের সঙ্গে এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস সোমবার ব্রাসেলসে সম্মেলনের আগে গ্রিসের তিনটি আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থা ইউরোপীয় কমিশন, আইএমএফ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)’র প্রধানদের সঙ্গে বৈঠক করেন।

সোমবার সন্ধ্যায় বৈঠক শেষ হওয়ার পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ‘আমি সেই সঙ্গে আলোচনায় অংশ নেয়া সবাই চায়, গ্রিস ইউরোজোনেই থাকুক।

তিনি বলেন, ‘আজ উত্থাপিত গ্রিসের প্রস্তাবে কিছু অগ্রগতির কথা বলা হয়েছে। তবে আলোচনায় একটা বিষয় স্পষ্ট হয়েছে যে এখনও অনেক কাজ বাকি আছে। তবে সময় খুব সংক্ষিপ্ত।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, গ্রিস ও তার ঋণদাতারা একটি চুক্তির পথে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, একটা সমাধানে পৌঁছাতে এখনও অনেক কাজ বাকি রয়েছে। ইউরোজোনের অর্থমন্ত্রীরা বুধবার ফের বসবেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ জাঙ্কার বলেন, ‘আমরা এই সপ্তাহেই চূড়ান্ত একটি চুক্তি করতে পারবো বলে আশাবাদী।’

এদিকে জার্মান অর্থমন্ত্রী ওলফগং সাউবল চুক্তির ব্যাপারে খুবই নেতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, এথেন্সের প্রস্তাবে তিনি নতুন কিছু দেখছেন না।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।