মার্কিন নজরদারিতে ফ্রান্সের প্রেসিডেন্টরা : উইকিলিকস
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যান্দের উপর বছরের পর বছর ধরে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ গোপন নজরদারি তথ্য ফাঁস করেছে বিশ্বের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের গোপন গোয়েন্দা প্রতিবেদন ও টেকনিকেল নথির বরাত দিয়ে মঙ্গলবার উইকিলিকস এ তথ্য ফাঁস করে। উইকিলিকসের ফাঁস করা নতুন নথিতে জানা গেছে নজরদারির হাত থেকে ফ্রান্সের কোন প্রেসিডেন্টই রক্ষা পান নি।যুক্তরাষ্ট্রের অভিযুক্ত সংগঠন এনএসএ অবশ্য এ খবরের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি। খবর বিবিসি।
ফরাসি দৈনিক লিবারেশন এবং নিউজ ওয়েবসাইট মিডিয়াপার্ট এ বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে অন্তত ২০০৬ সাল থেকে ২০১২ সালের মে মাস (যখন সারকোজির কাছ থেকে ওঁলাদ ক্ষমতা গ্রহণ করেন) পর্যন্ত সময়ে প্রেসিডেন্টদের উপর গুপ্তচরবৃত্তি করে এনএসএ।
উইকিলিকস বলেছে, ওঁলাদ (২০১২-বর্তমান), সারকোজি (২০০৭-২০১২) এবং শিরাকের (১৯৯৫-২০০৭) পাশাপাশি ফ্রান্সের মন্ত্রিসভার সদস্য এবং যুক্তরাষ্ট্রে ফরাসি রাষ্ট্রদূতের যোগাযোগের উপর এনএসএর সরাসরি নজরদারি থেকে এসব নথি পাওয়া গেছে।
এর আগেও যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিল উইকিলিকস ওয়েবসাইট।
নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই সারকোজি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর কথা ভেবেছিলেন এবং ওঁলাদ ২০১২ সালে ইউরো জোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার শঙ্কায় ছিলেন বলে বলা হচ্ছে।
এনএসএ জার্মানির উপর নজরদারি করেছে এবং ইউরোপের অন্যান্য দেশে কর্মকর্তা ও কোম্পানির উপর নজরদারিতে জার্মানির বিএনডি গোয়েন্দা সংস্থা সহযোগিতা করেছে বলে খবর প্রকাশের পর পশ্চিমা মিত্রদের উপর যুক্তরাষ্ট্রের নজরদারির এ তথ্য ফাঁস হল।
শিগগিরই আরও ‘গুরুত্বপূর্ণ তথ্য’ প্রকাশ হবে জানিয়ে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, “ফরাসি জনগণের জানার অধিকার রয়েছে যে, তাদের নির্বাচিত সরকারও কথিত মিত্রের নজরদারিতে থাকছে।”
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ, ওঁলাদের প্রশাসন ও জার্মানির চ্যান্সেলর মেরকেলের সরকারের সম্পর্ক, জাতিসংঘের নির্বাহী কর্মী নিয়োগের ক্ষেত্রে ফ্রান্সের প্রচেষ্টা এবং ফ্রান্সের উপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরি নিয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সরকারের বিরোধ নিয়ে ফ্রান্সের সরকারি কর্মকর্তাদের কথোপকথনের সারমর্মও এসব নথিতে উঠে এসেছে। ফরাসি প্রেসিডেন্টের সেল ফোনসহ এলিসি প্রেসিডেন্ট প্রাসাদের বহু কর্মকর্তার সেল ফোন নম্বরও এসব নথিতে রয়েছে বলে উইকিলিকসের পক্ষ থেকে বলা হয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের ৬০ হাজারের বেশি কূটনৈতিক তার বার্তা প্রকাশ করে উইকিলিকস বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও পাঁচ লাখের মতো বার্তা প্রকাশ করবে তারা।
এসকেডি/পিআর