পাকিস্তানে তাপদাহে মৃতের সংখ্যা ৬শ : জরুরি অবস্থা জারি


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২৪ জুন ২০১৫

পাকিস্তানের সিন্ধু প্রদেশে তীব্র তাপদাহে গত তিন দিনে মৃতের সংখ্যা সাড়ে ৬শ’ছাড়িঁয়েছে। এরমধ্যে প্রদেশটির রাজধানী করাচিতেই মারা গেছে কমপক্ষে ২৫০ জন। মঙ্গলবার প্রদেশের মুখ্যমন্ত্রী পার্লামেন্টে দেয়া বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রচণ্ড তাপের কারণে স্কুল, কলেজ এবং সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। আর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর ডন ও এনডিটিভি’র।

জানা গেছে, দাবদাহে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতেই বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা বেশি যারা সবাই হিটস্ট্রোকে মারা গেছেন।

মুখ্যমন্ত্রী সৈয়দ কায়েম আলী শাহ বলেন, জরুরিভিত্তিতে বিনামূল্যে পানি সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার প্রথম রোজা থেকে এই গরম শুরু হয়। দুই কোটি জনসংখ্যার শহরে করাচিতে গত কয়েকদিনে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে। আর আব্বাসি শহীদ হাসপাতালে মারা যায় ১০২ জন। এছাড়া লিয়ারি জেনারেল হাসপাতালে ১৭ জন, লিয়াকত ন্যাশনাল হাসপাতালে ৩৫ জন, আগা খান হাসপাতালে ২০ জন এবং কাতার হাসপাতালে ৩৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।