প্রেসিডেন্ট দৌড়ে এগিয়ে হিলারি
২০১৬ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফাস্ট লেডি হিলারি ক্লিনটন জয়ী হবেন বলে অভাস দিয়েছে দেশটির একটি জরিপ সংস্থা। ডেমক্রেট দলের প্রার্থী হতে নিজের নাম ঘোষণা করে চলতি মাসের শুরুতে প্রচারাভিযান শুরুর পর ওয়াল স্ট্রিট জার্নাল ও এনবিসির চালানো জনমত জরিপে এ তথ্য জানা গেছে।
জরিপে বলা হয়, ফার্স্ট লেডি হিসেবে ১০ বছর হোয়াইট হাউসে কাটানো হিলারি যদি ২০১৬ সালের নির্বাচনে জিততে পারেন, তাহলে তিনি হবেন বিশ্বের প্রতাপশালী দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। তবে জনগণের ভোটের আগে হিলারিকে দলের অভ্যন্তরীণ ভোটে জয়ী হয়ে প্রার্থিতা নিশ্চিত করতে হবে, যে লড়াইয়ে তাকে একবার হার মানতে হয়েছিল বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে।
জরিপে দেখা যায়, ডেমক্রেটিক পার্টির নির্বাচকদের তিন-চতুর্থাংশই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে দলের প্রার্থী হিসেবে চাইছেন। ১৫ ভাগের সমর্থন বার্নি স্যান্ডার্সের প্রতি। যদি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ, তাহলে ৪৮ শতাংশের রায় হিলারির পক্ষে যাবে বলে এই জরিপের জানানো হয় ।
সাবেক প্রেসিডেন্ট এইচ ডাব্লিউ বুশের ছেলে জেবের ভাই জি ডাব্লিউ বুশও ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ভাই বুশ ১০ বছর যুক্তরাষ্ট্র শাসন করলেও বাবা বুশকে দ্বিতীয় মেয়াদে হারতে হয়েছিল হিলারির স্বামী বিল ক্লিনটনের কাছে।
জরিপের ফলাফল বলছে, দুই মেয়াদে ডেমক্রেট ওবামার শাসনের পর আগামীবার কোন দলকে বেছে নেবেন তা নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকরা দ্বিধায় থাকলেও, হিলারির নেতৃত্বগুণের প্রতি ভরসা রাখছেন অধিকাংশ।
এদিকে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হতে নিজের নাম ঘোষণা করেছেন লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল।
ভারতীয় বংশোদ্ভূত এই আমেরিকান বুধবার তার ওয়েবসাইটে এক বার্তায় বলেছেন- “আমার নাম ববি জিন্দাল। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আছি।”
নিজের ওয়েবসাইটে একটি ভিডিও আপলোড করেছেন জিন্দাল; যেখানে দেখা যায়, তিনি ও তার স্ত্রী সুপ্রিয়া তিন সন্তানকে বলছেন প্রার্থী হওয়ার কথা এবং মেয়েকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে হোয়াইট হাউসে গেলে একটি কুকুর ছানা পাবেন তারা।
এসকেডি/পিআর/এসআরজে