নাচতে মানা নেই জাপানে
নাচের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জাপান সরকার। এর ফলে এখন থেকে জাপানের ক্লাব, বার কিংবা পার্টিগুলোতে নাচের জন্য আর বিশেষ অনুমতির প্রয়োজন পড়বে না। ৬৭ বছর ধরে চলে আসা এ মধ্যযুগীয় আইন বন্ধে গত সপ্তাহে সিদ্ধান্ত নেয় জাপান সরকার।
জাপানের বিখ্যাত সংগীত ব্যক্তিত্ব রায়ুচি সাকামোটো এ আইন বিলোপে জনমত সংগ্রহের এক প্রচারাভিযানে ১,৫০,০০০ জনের স্বাক্ষর সংগ্রহ করেন। তবে ২০২০ সালে জাপানে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের কারণেই এ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বলে জানা গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন ডান্স বার, ক্লাব এবং পাবগুলোতে উদ্দাম নৃত্যের আড়ালে দেহব্যবসা এবং এগুলোতে দেহপসারিণীদের আনাগোনার কারণে এ আইনের প্রচলন করে জাপান সরকার।
বিংশ শতাব্দীর শেষভাগে আইনের প্রয়োগে কিছুটা শিথিলতা এলেও ডান্স বার এবং ক্লাবগুলোকে ঘিরে জাপানি তারকাদের মাদক এবং অন্যান্য কেলেংকারিতে জড়িয়ে পড়ার কারণে আবার কড়াকড়ি আরোপ করা হয়।
প্রসঙ্গত, জাপানের জনসমক্ষে কিংবা পার্টি, হল বা ক্লাবে নাচতে গেলে অনুমতিপত্র লাগে। অনুমতি বা ছাড়পত্রবিহীন স্থানে পা দুটো একটু ছড়িয়ে আনন্দ করলেই জেল হাজতে প্রেরণ করা হয়। আর অনুমতিপ্রাপ্ত স্থানগুলোতেও মধ্যরাতের আগেই গুটিয়ে ফেলতে হবে নাচের আসর।
এসকেডি/এআরএস/পিআর/এসআরজে