রাজমহল ছাড়ছেন রানি এলিজাবেথ!


প্রকাশিত: ০৬:৪০ এএম, ২৫ জুন ২০১৫

ব্রিটিশ সাম্রাজ্যের শিরোমণি রানি দ্বিতীয় এলিজাবেথের প্যালেস জরাজীর্ণ হয়ে পড়ার কারণে সংস্কারের জন্য রানিকে প্রাসাদটি ছাড়তে হবে বলে জানিয়েছে বিবিসি। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

জানা গেছে, অর্ধশতাব্দী আগে নির্মিত এই প্রাসাদটির প্লাস্টার খসে পড়া শুরু করেছে। অকেজো হয়ে পড়ার উপক্রম হয়েছে পানি সরবরাহের পাইপগুলো। জলাধারগুলোও ব্যবহার উপযোগিতা হারাচ্ছে।

বাকিংহাম প্যালেসের রাজ কর্মকর্তারা বলছেন, এ মুহূর্তে প্রাসাদ সংস্কার করা দরকার। সংস্কার কাজ চলার সময় রানিকে প্রাসাদের বাইরে কোথাও থাকতে হতে পারে। তবে কোথায় রানির থাকার ব্যবস্থা হবে, তা এখনও নির্দিষ্ট করা হয়নি।

আবার এমনও হতে পারে প্রাসাদের মধ্যেই বিশেষ ব্যবস্থায় রানির থাকার ব্যবস্থা করা হতে পারে, যদি রানি দ্বিতীয় এলিজাবেথ সে ইচ্ছা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ১৯৫২ সালে সিংহাসনে অভিষিক্ত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই থেকে তিনি বাকিংহাম প্যালেসে থাকছেন। ৬৩ বছরের মধ্যে বড় ধরনের কোনো সংস্কার কাজ করা হয়নি প্রাসাদে। তাছাড়া সংস্কার কাজে অঢেল অর্থের দরকার হবে।

প্রাসাদের কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কার কাজ শেষ করতে ১৫০ মিলিয়ন পাউন্ড খরচ হবে। এ বিপুল অর্থ রাজকোষে নেই। যুক্তরাজ্য সরকারকেই তা বহন করতে হবে।

এসকেডি/পিআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।