কানপুরে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৯ জুন ২০২১
ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে একটি মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, ‘দিল্লি থেকে লখনৌ যাওয়ার পথে কানপুরের সাচেন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।’ দুর্ঘটনায় আহতরা শহরের হ্যালেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তিনি দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটে এই ঘোষণা দেয়া হয়।

এনডিটিভির প্রতিবেদনে নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।