লাদেনের মতো খালেদাও নিরীহ মানুষকে হত্যা করছেন


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মতো বিএনপি নেত্রী খালেদা জিয়াও দেশের নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন। বিএনপি ক্ষমতায় থাকলে গ্রেনেড মেরে মানুষ হত্যা করে, আর ক্ষমতায় না থাকলে পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ ওই আলোচনা সভার আয়োজন করে।

খালেদা জিয়াকে লেডি লাদেন হিসেবে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে বসে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংস করে আর খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে বসে পেট্রলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি প্রমুখ।

এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।