বঙ্গবন্ধুকে কটাক্ষকারীরা পাকিস্তানি ভূত : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধুকে যারা হেয়, খাটো এবং কটাক্ষ করে কথা বলে তারা মুক্তিযুদ্ধের বিরোধী, নব্য রাজাকার, পাকিস্তানি ভূত।’
বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা, ছড়া পাঠ, আবৃত্তি এবং সৈয়দ মাসুদ হোসেনে কবিতায় ‘বঙ্গবন্ধু শীর্ষক’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানটির আয়োজন করে বাংলা একাডেমি ও বিশ্বকবিতা পরিষদ।
মন্ত্রী বলেন, ‘আমরা নামাজে যেমন সূরা ফাতেহার পূর্বে শয়তান থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বলি সেভাবে এদেশের শয়তান হচ্ছে রাজাকার। তাই রাজাকার থেকে বাঁচতে আমাদের নিয়মিত মুক্তিযুদ্ধের চর্চা করতে হবে।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চর্চার সাথে সাথে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কেও চর্চা করতে হবে। দেশের মানচিত্র নিয়ে কথা বলবেন, কিন্তু বঙ্গবন্ধু নিয়ে কথা বলবেন না তা হবে না। অনেকে বঙ্গবন্ধুর সম্পর্কে আলোচনা করলে বিরক্ত হয় তারপরেও আমাদের তার সম্পর্কে বলতে হবে। কারণ এটি ইতিহাসের দাবি।
ইনু বলেন, ‘গণতন্ত্র একটি ধারাবাহিক চর্চার বিষয়। চর্চা না করলে এটি হারিয়ে যেতে পারে। রাজাকারকে সাথে নিয়ে গণতন্ত্রের কথা বলবেন, তাও হবে না। বঙ্গবন্ধুকে খাটো করে রাজাকারের হাত ধরে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন তাও হবে না।’
এসময় আওয়ামী লীগ নেতাদের সমাজতন্ত্র উচ্চারণ না করা নিয়ে তিনি বলেন, ‘আজ আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা ও সরকারি লোকেরা সমাজতন্ত্র উচ্চারণ করেন না। বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা অনেক কষ্টে সংবিধানে চারটি মূলনীতির মধ্যে সমাজতন্ত্রকে নিয়ে এসেছেন। যে চার নীতির জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু। সে বঙ্গবন্ধুকে মানবেন কিন্তু সমাজতন্ত্র মানবেন না তা হবে না তা হবে না।’
কবি অসিম সাহার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ-উল আলম লেলিন, নাট্য ব্যক্তিত্ব হাসান ইমাম, কবি আসলাম সানি প্রমুখ।
এমএইচ/এসকেডি/এবিএস