পাকিস্তানের তৈরি পোশাকের বাজার দখলে নিচ্ছে বাংলাদেশ


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৬ মে ২০১৬

বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় বাজার হারাচ্ছে পাকিস্তান। সোমবার দেশটির তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন পাকিস্তান গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (পিআরজিএমইএ) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলছে, বাংলাদেশ ক্রমবর্ধমান পোশাক রফতানির মাধ্যমে পাকিস্তানের বাজার খাচ্ছে।

পিআরজিএমইএ চেয়ারম্যান শেইখ মোহাম্মদ শফিক বলেছেন, বর্তমানে বাংলাদেশের মোট রফতানির পরিমাণ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে টেক্সটাইলসহ গার্মেন্টসের তৈরি পোশাক রফতানি খাত থেকে আসে সাড়ে ২৭ বিলিয়ন।

তিনি বলেন, আমরা মনে করি আমাদের বাজার দখল করেছে বাংলাদেশ। এটির জন্য আমাদের লড়াই প্রয়োজন এবং আমাদের সাধ্যের মধ্যে নিয়ে আসতে হবে। কেননা বাংলাদেশের বাৎসরিক রফতানির পরিমাণ বেড়ে বর্তমানে সাড়ে তিন বিলিয়নে দাঁড়িয়েছে; যা আগামী ২০২০ সালের মধ্যে ৫০ বিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গত তিন বছরে বাংলাদেশ তৈরি পোশাক রফতানির খাত থেকে আয়ের যে পরিকল্পনা ঘোষণা করেছিল তা সত্যি হয়েছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, বিশ্ব ব্যবসায়িক পরিসংখানে পাকিস্তানের অবস্থান গত বছরের চেয়ে দুই ধাপ নিচে নেমেছে। গত বছর ১৮৯ টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৩৬ থাকলেও এবার ১৩৮।

তৈরি পোশাক উৎপাদনে পাকিস্তানকে বাংলাদেশের চেয়ে দ্বিগুণ অর্থ গুণতে হয়। মজুরিসহ তৈরি পোশাকের অন্যান্য উপাদান যেমন বিদ্যুৎ, জ্বালানি ও শুল্কের উচ্চ হারের কারণে পাকিস্তানের উৎপাদন ব্যয় দ্বিগুণ।

শফিক বলেন, টেক্সটাইলের কাঁচামাল রফতানির সময় চলে গেছে সরকারকে তা বুঝতে হবে। এটি অব্যাহত রাখা যাবে না, কেননা এ কারণেই পাকিস্তান মারাত্মক সংকটের মুখোমুখি হয়েছে। রফতানি না করে দেশেই কাঁচামালের ব্যবহার করতে হবে। যদি সম্ভব হয় তাহলে উদ্বৃত্ত কাঁচামাল রফতানি করা যেতে পারে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।