শেরপুরে জামায়াত নেতা নিহত

হাইকোর্টে মামলার প্রধান আসামির জামিন আবেদন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
হাইকোর্ট/ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াতের নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও প্রধান আসামি মাহমুদুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে রোববার (১ ফেব্রুয়ারি) জাগো নিউজকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আইনজীবী। এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

রেজাউল করিম নিহতের ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী থানায় ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী মার্জিয়া। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ ও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

আরও পড়ুন
শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪

গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়।

পরে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নিজের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে এগোতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন।

এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন রেজাউল করিম। পরে ময়মনসিংহে নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।