পি কে হালদারের ‘বান্ধবী’ নাহিদা রুনাইয়ের কোটি টাকার সম্পদ জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
নাহিদা রুনাই/ফাইল ছবি

পি কে হালদার সংশ্লিষ্ট দুর্নীতির মামলার অনুসন্ধান চলাকালে তার সহযোগী ও ‘বান্ধবী’ হিসেবে পরিচিত নাহিদা রুনাইয়ের নামে থাকা একাধিক স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক সজীব আহমেদ আদালতে সম্পদ জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, এসব সম্পদের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৭৫২ টাকা। জব্দের আওতায় থাকা সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকায় ৩ হাজার ১৮৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, উত্তরা এলাকায় ৩ কাঠার একটি প্লট, চট্টগ্রামের খুলশীতে ১০ শতক জমির ওপর নির্মিত ছয়তলা আবাসিক ভবন এবং নারায়ণগঞ্জে ৩ কাঠা করে মোট ৬ কাঠার দুটি প্লট।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যে তার স্থাবর সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা থাকায় আদালতের মাধ্যমে এসব সম্পদ জব্দ করা অত্যন্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এমডিএএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।