সুপ্রিম কোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এমন তথ্য জানা গেছে। প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানোর জন্য তিনি পদত্যাগপত্র রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠান। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

সুপ্রিম কোর্ট সূত্র জাগো নিউজকে এমন তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৫ সালের ২ মার্চ থেকে তিনি চিকিৎসার জন্য ছুটিতে বিদেশে যান। ১৯ জুলাই পর্যন্ত ছুটিতে ছিলেন। এরপর তিনি ছুটি বাড়াতে সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে চিঠি লিখলেও পরে তা আর বাড়ানো হয়নি। সবশেষ ১৮ জানুয়ারির এক চিঠিতে ২০ জানুয়ারি থেকে এক মাসের ছুটির আবেদন করেন। কিন্তু বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সেই আবেদন নাকচ করেন। সেই চিঠিতে তিনি জানান, তার দুই বছর সাত মাস ২১ দিনের অর্জিত ছুটি পাওনা রয়েছে।

বিচারপতি মামনুন রহমান হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৪ সালের ২৩ আগস্ট নিয়োগ পাওয়ার দুই বছর পর হাইকোর্টে স্থায়ী হন।

এর আগে দায়িত্ব পালনে অযোগ্য হওয়ায় গত বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়। সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬ (৬) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে হাইকোর্টের বিচারপতির পদ হতে অপসারণ করেন। আইন সচিব মো. লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আরও কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্ত চলছে।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।