স্বরাষ্ট্রের বহিষ্কৃত কর্মকর্তার ফ্ল্যাট-জমি জব্দের নির্দেশ
দুর্নীতির অভিযোগে করা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিষ্কৃত জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর দুটি ফ্ল্যাট ও একটি জমি সাময়িকভাবে জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুটি আবাসিক ফ্ল্যাটের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। পাশাপাশি রাজধানীর মিরপুরের সেনপাড়ায় অবস্থিত জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকা।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আদালতে আবেদনটি উপস্থাপন করেন। এতে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা তার নামে থাকা স্থাবর সম্পদ বিক্রি, হস্তান্তর বা অন্যভাবে বেহাত করার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
দুদক জানায়, চলমান তদন্ত প্রক্রিয়ায় এসব সম্পদের মালিকানা পরিবর্তন হলে মামলার স্বাভাবিক অনুসন্ধানে বিঘ্ন ঘটতে পারে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পদগুলো জব্দ রাখা জরুরি হয়ে পড়েছে।
সব দিক বিবেচনায় নিয়ে আদালত শরীফ মাহমুদ অপুর নামে থাকা উল্লেখিত ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দেন।
এমডিএএ/একিউএফ