মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ মার্চ
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২ মার্চ ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ঠিক করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এ মামলায় অভিযোগের শুনানির জন্য সময়ের আবেদন করেন। পরে আদালত ২ মার্চ দিন ধার্য করেন।
এর আগে ৩ ফেব্রুয়ারি মেনন ও কামরুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত তাদের হাজির করার নির্দেশ দেয়। শুনানি উপলক্ষে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মেনন ও কামরুলের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দুটি ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে।
এফএইচ/ইএ