মানবতাবিরোধী অপরাধ

আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে খান আকরামের আপিল, রায় বৃহস্পতিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
উচ্চ আদালত-ফাইল ছবি

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান মো. আকরাম হোসেনের দণ্ড থেকে খালাস চেয়ে করা আপিলের ওপর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রায় ঘোষণার দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ঠিক করেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এ সংক্রান্ত মামলায় ২০১৫ সালের ১১ আগস্ট বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেই সঙ্গে জেলার আরেক বাসিন্দা খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে বলা হয়, সিরাজের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়া পাঁচ অভিযোগেই সিরাজকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। বলা হয়, ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর প্রমাণিত হওয়া এক অভিযোগে আকরামকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর দণ্ডিতরা আপিল করেন।

এ মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচার চলা অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামি থেকে বাদ দেওয়া হয়।

এফএইচ/এসএইচএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।