অ্যাটর্নি জেনারেল
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে
সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৮ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আপিল করার সিদ্ধান্তটি জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সে নিষ্পত্তির পরও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকে সেক্ষেত্রে হাইকোর্ট সার্টিফিকেট দেন। এই রায়ের মধ্যে হাইকোর্ট নিজেই বলেছেন সাংবিধানিক প্রশ্ন ও ব্যাখ্যা জড়িত। যেহেতু হাইকোর্ট রায়ে এই সার্টিফিকেট দিয়েছেন তাই আমরা এটা সরাসরি আপিল করবো। যত দ্রুত সম্ভব আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।
তিনি বলেন, এখানে আরেকটা বিষয় জরুরি সেটা হচ্ছে- যেহেতু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সেহেতু আমাদের অভিমত হচ্ছে হাইকোর্টের এই রায়ের কার্যকারিতাটা এখন (হাইকোর্টের রায়) থেকেই আসছে না। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত বিবেচনার পরেই রায়ের কার্যকারিতা আসবে বলে আমি মনে করি।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এরই মধ্যেই সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এ বিষয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমাণ থাকবেন বলে আমরা জানতে পেরেছি।
সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গত বছরের ২ সেপ্টেম্বর এক রায় ঘোষণা করেন।
সে রায়ে বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়।
একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে নির্দেশ দেওয়া হয়। ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
এফএইচ/বিএ