জবি শিক্ষকের ওপর হামলা

গ্রেফতার তরুণের জামিন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৪ এপ্রিল ২০২৬
অভিযুক্ত এহসানুর হক মাহিমকে (২২) আদালত নেওয়া হচ্ছে/ছবি: জাগো নিউজ

ঢাকার কেরানীগঞ্জে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষক ও তার বাবার ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার এহসানুর হক মাহিমের (২২) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানায় করা মামলায় মাহিমকে আসামি করা হয়। এর আগে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় এবং পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

অভিযোগে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আড্ডাবাজি ও মাদকসেবন করতেন মাহিম। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষকের বাবা নজরুল ইসলাম (৬৭) বাধা দিলে ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকেন মাহিম।

ঘটনার দিন ৯ এপ্রিল সন্ধ্যায় শিক্ষকের বাবাকে শারীরিক আঘাত করে গুরুতর জখম করা হয়। প্রতিরোধ করতে গেলে শিক্ষকের ওপর হামলা হয়।

আদালত সূত্রে জানা যায়, শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে জানায়, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন।

এমডিএএ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।