সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনকে রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
প্রধান আসামি মো. মঈন উদ্দিন

 

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সিকেডি (কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি) হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জকে প্রাণনাশের হুমকি ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি মো. মঈন উদ্দিনসহ তিনজনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন চেয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

রিমান্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন এমবি স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৩)। এদের মধ্যে প্রধান আসামি মো. মঈন উদ্দিন (৪২) দীর্ঘদিন ধরে বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করে আসছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ১০ এপ্রিল সকালে আসামিরা বাদী মো. আবু হানিফের শ্যামলীর বাসায় গিয়ে দরজা খুলতে বাধ্য করেন এবং চাঁদা না দিলে তাকে ও তার স্ত্রীকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। পরে তারা হাসপাতালের সামনে গিয়ে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান ও প্রাণনাশের হুমকি দেন।

পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের গ্রেফতার করে।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, মামলার পলাতক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের পরিচয় শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

এমডিএএ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।