হত্যা মামলায় মাসুদ উদ্দিনকে ফের রিমান্ডে নিতে চায় ডিবি
মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আবারও ৪ দিনের রিমান্ড আবেদন করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এ আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের পরে শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ দেবেন।
তদন্ত কর্মকর্তারা বলছেন, ঘটনার পেছনের প্রকৃত পরিকল্পনা ও উদ্দেশ্য এখনো পুরোপুরি উদঘাটিত হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যেও অসঙ্গতি থাকায় তদন্ত এগিয়ে নিতে আরও সময় প্রয়োজন।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করা জরুরি। একইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সুনির্দিষ্ট ভূমিকা নির্ধারণ এবং কারা সরাসরি ঘটনায় অংশ নিয়েছিল, তা নিশ্চিত করতে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া পলাতক সন্দেহভাজনদের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের স্বার্থেও রিমান্ড অপরিহার্য বলে উল্লেখ করা হয়।
এর আগে গত ২৭ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুল ইসলাম তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। ওইদিন সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন। রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারও নতুন করে আবেদন করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন।
তিনি আদালতে দাবি করেন, মাসুদ উদ্দিন শারীরিকভাবে অসুস্থ এবং এরই মধ্যে একাধিকবার দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। পূর্ববর্তী রিমান্ডে কী তথ্য পাওয়া গেছে তা স্পষ্ট করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ডিবির এক অভিযানে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মানবপাচার সংক্রান্ত একটি মামলায় পল্টন মডেল থানায় তাকে তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে মিরপুরের দেলোয়ার হত্যা মামলায় ৭ এপ্রিল চার দিনের এবং ১১ এপ্রিল আরও চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। সব মিলিয়ে এ পর্যন্ত পাঁচ দফায় ২২ দিনের রিমান্ডে ছিলেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে অবস্থান নেয় ছাত্র-জনতা। এ সময় সশস্ত্র হামলায় গুরুতর আহত হন দেলোয়ার হোসেন (৪০)। তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।
এমডিএএ/এমআরএম