দ্রিনান এপারেলসের এমডি মারুফের আয়কর নথি জব্দের নির্দেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দ্রিনান এপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক রুবেল হোসাইন আদালতে আবেদন দাখিল করলে ভারপ্রাপ্ত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আলমগীর এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলমান রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। নথিপত্র যাচাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ আবু রাজিব মারুফ অসাধু উপায়ে ৩ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ১৪৪ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে।
তদন্তের অংশ হিসেবে ২০১৩-১৪ থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত তার সব আয়কর নথি জব্দ এবং সত্যায়িত ছায়ালিপি সরবরাহের নির্দেশ দেন আদালত। ঢাকার উপ-কর কমিশনারকে (সার্কেল-০৫৪) এসব নথি জব্দ করে তদন্ত কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এমডিএএ/এমকেআর