আদালতকে আইনজীবী

স্মৃতিশক্তি হারিয়েছেন তোফায়েল আহমেদ, কাউকে চিনতে পারছেন না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৫ মে ২০২৬
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ/ফাইল ছবি

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি কাউকে চিনতে পারছেন। দুই যুগ আগে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় করা মামলায় শুনানি পেছানোর আবেদনে আদালতকে এই তথ্য জানিয়েছেন তোফায়েল আহমেদের আইনজীবী।

তবে আদালত তোফায়েল আহমেদসহ মামলার দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গত ১৯ এপ্রিল ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এই পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে মঙ্গলবার (৫ মে) বিষয়টি জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাতের ওই মামলায় গত ১৯ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে তোফায়েল আহমেদের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে শুনানি পেছানোর আবেদন করেন। তিনি আদালতে বলেন, তার মক্কেল কাউকে চিনতে পারেন না। তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন।

আরও পড়ুন
সাবেক মন্ত্রী তোফায়েলসহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালতকে আইনজীবী আরও বলেন, তোফায়েল আহমেদ শারীরিক ও মানসিকভাবে আদালতে হাজির হয়ে মামলার কার্যক্রমে অংশ নিতে অক্ষম। তাই তার মানসিক অবস্থা পরীক্ষা ও শুনানি পেছানোর আবেদন করা হয়।

তবে আদালত ওই আবেদন নামঞ্জুর করে আগামী ৭ মে অভিযোগ গঠনের বিষয়ে নতুন দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ ও তার সহযোগীরা অবৈধভাবে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন ও স্থানান্তর করেন।

অভিযোগ অনুযায়ী, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সহযোগিতায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়।

তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন মামলার কার্যক্রম বন্ধ ছিল। তবে সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় পুনরায় বিচারিক কার্যক্রম শুরু হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

এমডিএএ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।