ঢাবিতে ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাসহ দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাবি শিক্ষার্থী ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাফি (২৪) এবং আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত মো. রুবেল মিয়া (৩৬)।
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল, দুইজনের ৭ দিনের রিমান্ড আবেদন
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ মে ভোরে শাহবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী প্রচারণা ও উসকানিমূলক স্লোগান দিচ্ছেন।
পরে ভোর ৬টা ১৫ মিনিটে শাহবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ফারহান তানভীর নাফি ও রুবেল মিয়াকে আটক করা হয়। তবে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে আসামিদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কার্যক্রম সক্রিয় করার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, পলাতক আসামিদের শনাক্ত, ঘটনার পরিকল্পনাকারী ও অর্থদাতাদের খুঁজে বের করা এবং সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, ফারহান তানভীর নাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তিনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।
অন্যদিকে রুবেল মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এমডিএএ/এমআইএইচএস