স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীকে গুলির হুমকি সার্জেন্টের, তদন্তে কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১১ মে ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. সারোয়ার জাহানকে থানায় নিয়ে নির্যাতন ও গুলি করার হুমকির অভিযোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটি গঠন করেছে।

রোববার (১০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের অফিস সহায়ক মো. সারোয়ার জাহান গত ৫ মে একটি আবেদনপত্র দাখিল করেন। এতে তিনি অভিযোগ করেন, গত ৪ মে পুলিশ সার্জেন্ট মো. রেজাউল হক বিনা অপরাধে তার আইডি কার্ড, প্রয়োজনীয় ডকুমেন্টস, ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তাকে প্রথমে শাহবাগ পুলিশ বক্সে এবং শাহবাগ থানায় নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। একই সঙ্গে পিস্তল দিয়ে গুলি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দীনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ফারহানা মৃধা।

কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশও করতে নির্দেশ দেওয়া হয়েছে।

টিটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।