হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূস ও নুরজাহান বেগমের বিচার দাবিতে বিক্ষোভ
দেশে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছেন আইনজীবীরা। একই সঙ্গে এ ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা আইনজীবী সমিতির একদল আইনজীবী।
বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ঢাকা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একটি অংশ অংশ নেন বলে জানা গেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন আইনজীবী কায়েস আহমেদ অর্ণব, সিফাত আমিনুল করিম, গোলাম রাব্বানি, রাসেল আহমেদ, ফারজানা ইয়াসমিন রাখীসহ শতাধিক আইনজীবী।
এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ড. ইউনূস ও নুরজাহান বেগমের বিচার দাবি করেন।
আরও পড়ুন
কেন বারবার মহামারি রূপে ফিরে আসে ‘নীরব ঘাতক’ হাম?
হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার টিকা সংগ্রহের প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে ‘ওপেন টেন্ডার’ চালু করেছিল। এর ফলে দেশে হামের টিকার সংকট তৈরি হয় এবং সময়মতো টিকা না পাওয়ায় শত শত শিশু আক্রান্ত হয়ে মারা যায়।
আয়োজকদের পক্ষে বক্তব্য দেন আইনজীবী কায়েস আহমেদ অর্ণব। তিনি বলেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নুরজাহান বেগমকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। হামের টিকা ছাড়াও অন্যান্য টিকা ব্যবস্থাপনাতেও চরম অব্যবস্থাপনা ছিল বলে অভিযোগ করেন তিনি।
আইনজীবী সিফাত আমিনুল করিম বলেন, আগের টিকা সংগ্রহ সংক্রান্ত চুক্তিগুলো বাতিল করা হলেও কার্যকর বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। এর দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না।
ফারজানা ইয়াসমিন রাখী বলেন, চার শতাধিক শিশুর মৃত্যু শুধু অবহেলা নয়, এটি অপরাধের শামিল।
কর্মসূচির শেষ দিকে কয়েকজন আইনজীবী চোখে ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।
এমডিএএ/কেএসআর