জামায়াত নেতার হুঁশিয়ারি
সুপ্রিম কোর্ট বার ভোটে ঢাকা বারের পুনরাবৃত্তি আইনজীবীরা মেনে নেবে না
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে আইনজীবীরা মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ভোটগ্রহণ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ঐতিহ্য হচ্ছে দুটি প্যানেল থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠন করা। কিন্তু ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে যেভাবে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সিংহভাগ সদস্য নিয়ে কমিশন গঠন করা হয়েছে, একইভাবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনেও সাতজন কমিশনারের মধ্যে ছয়জনই বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত সবুজ প্যানেল থেকে মাত্র একজন কমিশনার নেওয়া হয়েছে। ফলে অধিকাংশ কমিশনার দলীয় আনুগত্যে পক্ষপাতিত্বের ভূমিকা রাখছে বলে আইনজীবীরা মনে করছেন।
তিনি সতর্ক করে বলেন, ঢাকা বারের পুনরাবৃত্তি সুপ্রিম কোর্ট বারে করা হলে আইনজীবীরা মেনে নেবেন না।
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট শুরু আজ, আওয়ামীপন্থিদের ‘বর্জনের ডাক’
নির্বাচনে ‘সবার অংশগ্রহণ’ প্রশ্নে পক্ষে-বিপক্ষে আইনজীবীরা
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় যে বৈষম্য ও অনিয়ম করা হয়েছে, তার প্রভাব সরাসরি নির্বাচনে পড়ছে। পেশাজীবী সংগঠনে ক্ষমতাসীনদের দলীয় প্রভাব নির্লজ্জতার নিকৃষ্ট উদাহরণ।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন বলেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যত ধরনের অনিয়ম হয়েছে, তার সবগুলো বার কাউন্সিল এবং প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। তবে এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট অঙ্গনেই যদি আইনজীবীদের সংগঠনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তবে আইন-আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাই নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সব ধরনের প্রশ্নবিদ্ধতার ঊর্ধ্বে রাখা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সবুজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখা সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, সবুজ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল হক, সহ-সভাপতি পদপ্রার্থী মাঈন উদ্দিন ফারুকী, সেক্রেটারি পদপ্রার্থী এ কে এম রেজাউল করিম খন্দকার, সহকারী সেক্রেটারি পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি পদপ্রার্থী জুবায়ের আহমেদ ভূঁইয়া, ট্রেজারার পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর আলম, সদস্য পদপ্রার্থী আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মাহমুদুল হাসান, মো. ফয়জুল্লাহ, মো. জুবায়ের তৈয়ব, মোহাম্মদ নাজিম উদ্দীন লিঙ্কন প্রমুখ।
এফএইচ/কেএসআর