হামে শিশুমৃত্যু
কর্তৃপক্ষের ব্যর্থতার প্রতিবাদ আইনজীবীদের, চোখ-মুখে বাঁধা কালো কাপড়
দেশে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনা ঠেকাতে কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগে আদালত চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কয়েকজন আইনজীবী। এসময় তারা চোখ ও মুখে কালো কাপড় বেঁধে সরকারের কাছে জবাবদিহি দাবি করেন।
বুধবার (১৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচিতে অংশ নেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি, আশরাফ রাব্বি, আব্দুর রাজ্জাক, মাহমুদুল হাসানসহ আরও কয়েকজন। তাদের হাতে ছিল বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড।
প্রতিবাদকারীদের ভাষ্য, দেশে একের পর এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেলেও প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এই অবস্থাকে ‘চোখ থাকতেও অন্ধ’ হিসেবে তুলে ধরতেই তারা চোখে কালো কাপড় বেঁধে অবস্থান নেন। একই সঙ্গে আগে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়াদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে মুখও ঢেকে রাখা হয়।
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, হামে আক্রান্ত শিশুদের জন্য দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় টিকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিশুদের জীবনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সেটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, অপরাধের শামিল।
তিনি দাবি করেন, এরই মধ্যে শত শত শিশুর মৃত্যু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা কেবল অবহেলা নয়, বরং ইচ্ছাকৃত বলেও মন্তব্য করেন তিনি।
আইনজীবী আশরাফ রাব্বি বলেন, ‘গ্রামে হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা যেন দেখেও দেখছি না। সেই প্রতীকী বার্তা দিতেই চোখে কাপড় বেঁধেছি। সমাজের অসংগতি নিয়ে আইনজীবীরা সবসময় কথা বলেন। বিবেকের তাড়না থেকেই আমরা এখানে দাঁড়িয়েছি, যেন আক্রান্ত শিশুরা সুচিকিৎসা পায়।’
এমডিএএ/একিউএফ