সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে চলছে ভোট গণনা, অপেক্ষা ফলাফলের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৫ পিএম, ১৪ মে ২০২৬
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে চলছে ভোট গণনা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ২০২৬-২০২৭ সেশনের দুই দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট বারের শফিউর রহমান মিলনায়তনে ভোট গণনা চলছে। জানা গেছে, রাত আটটা থেকে ব্যালট পেপার বাছাই কার্যক্রম শুরু হয়। বাছাই শেষে রাত পৌনে ৯টার দিকে ভোট গণনা শুরু করা হয়েছে।

এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের দুই দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ শেষ করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের দুই হাজার ২৭৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রথম দিন বুধবার (১৩ মে) ভোট দিয়েছেন সুপ্রিম কোর্টের এক হাজার ৭৭১ জন আইনজীবী। সব মিলিয়ে দুই দিনে সর্বমোট চার হাজার ৪৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে, সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সকাল ১০টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এখন ভোট গণনা শেষে নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির ফলাফল ঘোষণার অপেক্ষা।

প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার পৌনে দুই বছরের মাথায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে তিনটি প্যানেল। সেগুলো হলো— বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল। তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকায় সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারছেন না। আওয়ামী লীগ সমর্থক ৪২ জন আইনজীবী মনোনয়নপত্র জমা দিলেও সেগুলো বাতিল করা হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট বারে প্রথম দিনে ভোট দিলেন ১ হাজার ৭৭১ আইনজীবী

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল তথা নীল প্যানেলের সভাপতি প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক পদে মাকসুদ উল্ল্যাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি সদস্য পদে এ কে এম আমজাদ হোসেন, এইচএম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদা আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।

জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল তথা সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, সহ-সভাপতি পদে মো. আবদুল হক ও মইন উদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এসএম জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও জোবায়ের আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মাহমুদুল হাসান, মো. ফয়জুল্লাহ, মো. জোবায়ের তায়েব ও মোহাম্মদ নাঈম উদ্দিন লিখন প্রার্থী হয়েছেন।

এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেলের সম্পাদক প্রার্থী এসএম আজমল হোসেন, সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফ, সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বন-ই-আমিন ও মোহাম্মদ মাজহারুল ইসলাম। এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছে।

প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান, সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এফএইচ/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।