হামের পরিবর্তে শিশুকে জলাতঙ্কের টিকা, তদন্তে হাইকোর্টের নির্দেশ
টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অনতিবিলম্বে ওই শিশুর যথাযথ চিকিৎসা করাতে সরকারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রুলও জারি করেছেন আদালত। রুলে ওই শিশুর পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (১৪ মে) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর আগে, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে এই রিট আবেদন করা হয়। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে এক মাস বয়সী শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ওই শিশুকে এই ভ্যাকসিন প্রদান করেন।
জানা গেছে, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উপজেলার ছাব্বিশা গ্রামের মৌ খাতুন বুধবার (১৩ মে) দুপুরে তার এক মাস ৫ দিন বয়সী শিশু ফাতিহাকে হামের টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে নিয়ে যান। এ সময় সেখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম হামের টিকার পরিবর্তে ওই শিশুকে জলাতঙ্কের দুই ডোজ র্যাবিক্স ভ্যাকসিন প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, ভুলবশত হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটি অনিচ্ছাকৃত ভুল।
এফএইচ/এমএমকে