ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালকের আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৭ মে ২০২৬
ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত ১২ মে দুদকের প্রধান কার্যালয় থেকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আয়কর নথি জব্দের এ আবেদন পেশ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক আবু তালহা।

আবেদনে উল্লেখ করা হয়, ৩৬ বছর বয়সী হাকিমুন্নাহার বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত। তদন্তকালে ২০২০-২১ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত ওই কর্মকর্তার আয়-ব্যয়ের তুলনামূলক পর্যালোচনা করে অসঙ্গতিপূর্ণ সম্পদের সন্ধান পাওয়া গেছে। অধিকতর তদন্তের জন্য তার কর অঞ্চল-১১ এবং সার্কেল-২৩৮ এ রক্ষিত আয়কর নথির স্থায়ী অংশসহ যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।

ঘটনার প্রেক্ষাপট থেকে জানা যায়, হাকিমুন্নাহারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের ২০ জানুয়ারি সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং- ৩৪)। এর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর তিনি কমিশনে নিজের সম্পদ বিবরণী দাখিল করেন, তবে সেখানে তথ্যের অসঙ্গতি পাওয়ায় এবং সময়মতো সঠিক তথ্য না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আসামি বর্তমানে রাজধানীর লালমাটিয়ার বি-ব্লকের ‘রোজ হ্যাভেন’ অ্যাপার্টমেন্টের বাসিন্দা এবং তার স্থায়ী ঠিকানা দিনাজপুরের কোতয়ালী থানার রামনগর এলাকায়।

আদালতের এই আদেশের ফলে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এখন সংশ্লিষ্ট কর কমিশনার ও উপ-কর কমিশনারকে নথি হস্তান্তরের প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। দুদকের পক্ষ থেকে আশা করা হচ্ছে, জব্দকৃত নথিপত্র এবং রেকর্ডপত্র বিশ্লেষণের মাধ্যমে আসামির অবৈধ সম্পদের প্রকৃত উৎস, স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ এবং অর্থপাচার সংক্রান্ত আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। 

এমডিএএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।