সাবেক কূটনৈতিক নাজিম উল্লাহর দণ্ড আপিলেও বহাল


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৭ এপ্রিল ২০১৬

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক রাষ্ট্রদূত এটিএম নাজিমউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে হাইকোর্টের দেয়া ৩ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। এর আগে বিচারিক (নিন্ম) আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে  চার সদস্যের সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ এই রায় দেন। শুনানিতে দুদকের পক্ষে আইনজীবি ছিলেন খুরশীদ আলম খান ও আসামিপক্ষে ইউসুফ হোসেন হুমায়ুন।

জানা যায়, ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি  থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিভিত্তিতে আরব আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী। এ সময়ে তিনি সেখানে  অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নাম করে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে ২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ হিল জাহিদ। একই বছর ২৮ আগস্ট অভিযোগপত্র জমা দেওয়া হয়। ১৬ নভেম্বর নিম্ন আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ২২ লাখ টাকা জরিমানা করেন।
 
২০১৩ সালের ০১ আগস্ট হাইকোর্ট তার সাজা কমিয়ে তিন বছর কারাদণ্ড ও ছয় লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা ধার্য করেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন নাজিমউল্লাহ চৌধুরী। আজ (৭এপ্রিল) ওই আপিল নিস্পত্তি করে আপিল বিভাগ তিন বছরের সাজা বহাল রেখে আদেশ দেন।

এফএইচ/এমএমজেড/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।