ঘুমানোর সময় দরজা বন্ধ রাখবেন, নাকি খোলা
ভালো ঘুমের জন্য প্রয়োজন শান্ত, স্নিগ্ধ পরিবেশ। সে কারণে অনেকেই ঘুমানোর সময় দরজা বন্ধ করে দেন। আবার অনেকে অভ্যাসবশত দরজা খানিকটা খোলা রেখে ঘুমান। তবে ঘুমের সময় দরজা বন্ধ রাখা ভালো, নাকি খোলা - এই প্রশ্নটি শুনতে অদ্ভুত হলেও এর পেছনে রয়েছে বাস্তব কিছু যুক্তি।
আসলে দরজা খোলা কিংবা বন্ধ - দুটোরই রয়েছে কিছু সুবিধা ও সীমাবদ্ধতা। পরিস্থিতি, বয়স, ঘরের পরিবেশ এবং নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত।

দরজা খোলা রেখে ঘুমানোর উপকারিতা
১. অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সহায়ক
বাড়িতে ছোট শিশু থাকলে দরজা খোলা রাখা অনেক সময় নিরাপদ বলে মনে করা হয়। শিশুরা আলাদা ঘরে ঘুমালেও দরজা খোলা থাকলে তাদের নড়াচড়া বা কোনো সমস্যার বিষয়টি সহজে বোঝা যায়। এতে জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়।
২. বাতাস চলাচলে সহায়তা করে
বিশেষ করে শীতকালে আমরা ঠান্ডা এড়াতে দরজা-জানালা বন্ধ করে ঘুমাই। এতে ঘরের ভেতরে দীর্ঘ সময় ধরে শ্বাস-প্রশ্বাস চলার ফলে কার্বন ডাই-অক্সাইড জমে যেতে পারে। পর্যাপ্ত বাতাস চলাচল না থাকলে ঘরের অক্সিজেনের মাত্রা তুলনামূলক কমে যায় এবং বাতাস ভারী লাগতে পারে। দরজা খোলা রাখলে বাইরে থেকে তাজা বাতাস ঢোকার সুযোগ বাড়ে, যা ঘুমের আরাম বাড়াতে সাহায্য করে।

দরজা বন্ধ রেখে ঘুমানোর উপকারিতা
১. ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে
ঘুমের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা সবচেয়ে আরামদায়ক। গরমকালে দরজা বন্ধ রাখলে শীতাতপ নিয়ন্ত্রিত বাতাস ঘরেই থাকে। আবার শীতকালে দরজা বন্ধ থাকলে ঘরের উষ্ণতা বজায় থাকে। ফলে শরীর আরাম পায় এবং ঘুম হয় গভীর ও শান্ত। তবে দীর্ঘ সময় দরজা-জানালা পুরোপুরি বন্ধ রাখাও ঠিক নয়।
২. বাইরের শব্দ কমায়
ঘুমের সময় অতিরিক্ত শব্দ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। পরিবারের অন্য সদস্য, রুমমেট বা বাইরের যানবাহনের শব্দ - সবকিছুই ঘুমে সমস্যা তৈরি করে। দরজা বন্ধ রাখলে এসব শব্দ অনেকটাই কমে যায়, যা নিরবচ্ছিন্ন ঘুমে সহায়তা করে।

৩. ব্যক্তিগত নিরাপত্তা ও মানসিক স্বস্তি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেকের ক্ষেত্রে দরজা বন্ধ রেখে ঘুমালে মানসিকভাবে বেশি নিরাপদ বোধ হয়, যা ভালো ঘুমের জন্য সহায়ক।
তাহলে কোনটি ভালো?
এক কথায় নির্দিষ্ট উত্তর নেই। ঘরে শিশু থাকলে বা বাতাস চলাচলের সমস্যা হলে দরজা খোলা রাখা যুক্তিযুক্ত। আবার শব্দ, তাপমাত্রা ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হলে দরজা বন্ধ রাখাই ভালো। সবচেয়ে ভালো সমাধান হলো - পরিস্থিতি বুঝে দরজা খানিকটা খোলা রাখা বা নিয়মিত বাতাস চলাচলের ব্যবস্থা করা।
সূত্র: স্লিপ এনলাইটেন্ড বাই সাতভা
সানজানা রহমান যুথী/এএমপি/এমএস