পারফিউমে অ্যালার্জি, সুগন্ধ উপভোগ করবেন কীভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
এআই ছবি

পারফিউম ডে মানেই প্রিয় মানুষকে সুগন্ধ উপহার দেওয়া কিংবা নিজের প্রিয় ফ্র্যাগরেন্সে দিনটিকে বিশেষ করে তোলা। কিন্তু সবার জন্য সুগন্ধ দেওয়া সুখকর নয়। অনেকেই পারফিউম ব্যবহার করলে ত্বকে চুলকানি, লালচে দাগ, মাথাব্যথা, হাঁচি বা শ্বাসকষ্টের মতো সমস্যায় ভোগেন।

এই অস্বস্তির কারণেই অনেক সময় তারা পারফিউম ব্যবহার এড়িয়ে চলেন। তবে অ্যালার্জি থাকলেই যে পারফিউম ডে উদযাপন করা যাবে না, তা কিন্তু নয়। কিছু সচেতনতা আর সঠিক পদ্ধতি জানলেই সুগন্ধের আনন্দ উপভোগ করা সম্ভব।

প্রথমেই বুঝতে হবে, অ্যালার্জি ঠিক কী কারণে হচ্ছে। বেশিরভাগ পারফিউমে অ্যালকোহল ও বিভিন্ন কৃত্রিম সুগন্ধি উপাদান থাকে, যা সংবেদনশীল ত্বক বা নাকের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই পারফিউম কেনার সময় ‘হাইপোঅ্যালার্জেনিক’, ‘অ্যালকোহল-ফ্রি’ বা ‘ডার্মাটোলজিক্যালি টেস্টেড’ লেখা আছে কি না খেয়াল করুন। বডি মিস্ট বা হালকা সুগন্ধযুক্ত রোল-অন অনেক সময় ভারী পারফিউমের তুলনায় কম প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পারফিউম সরাসরি ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন। হাতের কব্জির ভেতরে বা কানের পেছনে অল্প করে স্প্রে করে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। যদি কোনো রকম লালচে ভাব, জ্বালাপোড়া বা চুলকানি না হয়, তবে তা ব্যবহার করা তুলনামূলক নিরাপদ। তবুও একবারে বেশি ব্যবহার না করে অল্প পরিমাণে শুরু করুন।

পারফিউমে অ্যালার্জি, সুগন্ধ উপভোগ করবেন কীভাবে

যাদের ত্বকে সমস্যা হয়, তারা সরাসরি শরীরে না লাগিয়ে পোশাকে হালকা করে স্প্রে করতে পারেন। তবে সিল্ক বা হালকা রঙের কাপড়ে দাগ পড়তে পারে, তাই সতর্ক থাকা জরুরি। এছাড়া পারফিউম ব্যবহার করার সময় শরীরের পালস পয়েন্ট যেমন কব্জি, কানের পেছন বা গলার পাশে অল্প করে লাগালে গন্ধ দীর্ঘস্থায়ী হয় এবং অতিরিক্ত ব্যবহার করতে হয় না।

যদি পারফিউম লাগানোর পর ত্বকে র‍্যাশ বা অস্বস্তি দেখা দেয়, সঙ্গে সঙ্গে জায়গাটি পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রয়োজনে মাইল্ড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। যদি ত্বকে জ্বালা বা র‍্যাশ শুরু হয়, একটি পাতলা সুতির কাপড়ে কয়েকটি বরফের টুকরো নিয়ে আক্রান্ত স্থানে ১৫ মিনিট ধরে রাখুন। এতে জ্বালাপোড়া ও ফোলাভাব কমবে। শ্বাসকষ্ট বা তীব্র প্রতিক্রিয়া হলে খোলা বাতাসে যান এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

পারফিউম ডে উদযাপনের বিকল্প পথও আছে। সরাসরি পারফিউম ব্যবহার না করে সুগন্ধি মোমবাতি, অ্যারোমা ডিফিউজার বা প্রাকৃতিক ফুল ব্যবহার করতে পারেন। ল্যাভেন্ডার, গোলাপ বা চন্দনের মতো হালকা প্রাকৃতিক সুগন্ধ অনেকের কাছেই আরামদায়ক। তবে এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে অবশ্যই ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে নিতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের শরীরের সংকেতকে গুরুত্ব দেওয়া। ফ্যাশন বা ট্রেন্ডের জন্য এমন কিছু ব্যবহার করা উচিত নয়, যা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সুগন্ধের আসল উদ্দেশ্য হলো আনন্দ ও আত্মবিশ্বাস বাড়ানো। তাই পারফিউম ডে-তে অ্যালার্জি থাকলেও সচেতনভাবে সঠিক পণ্য ও পদ্ধতি বেছে নিলে দিনটি হয়ে উঠতে পারে সমানভাবে সুগন্ধময় ও স্বস্তিদায়ক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
হেয়ার ড্রায়ার দিয়ে দ্রুত চুল শুকিয়ে ক্ষতি করছেন না তো
প্রেমই মনের তারুণ্য

এসএকেওয়াই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।