কম বয়সে হেডফোন ব্যবহারের ঝুঁকি
যুগের চাহিদা মেটাতে প্রযুক্তি প্রতিনিয়ত হালনাগাদ হচ্ছে। হেডফোনও সেই আধুনিক প্রযুক্তির একটি অংশ। তরুণ প্রজন্ম প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছে। বর্তমানে শিশু ও কিশোররা প্রায় প্রতিদিন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপে গান শোনা, ভিডিও দেখা, গেম খেলতে হেডফোনই ব্যবহার করছে। এটি একটি ব্যক্তিগত বিনোদনের মাধ্যম, কিন্তু কম বয়সে অতিরিক্ত ব্যবহার অনেক ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
শ্রবণশক্তি ক্ষতি
শ্রবণশক্তি ক্ষতি কম বয়সে হেডফোন ব্যবহারের সবচেয়ে বড় ঝুঁকি থাকে। শিশু ও কিশোরদের কান এখনো সম্পূর্ণভাবে বিকশিত হয়নি। উচ্চ ভলিউমে গান শোনা বা দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করলে কানের সেল ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে দৈনিক এক ঘণ্টার বেশি ব্যবহার এবং ভলিউম ৮০% বা তার বেশি হলে স্থায়ী শ্রবণহানির সম্ভাবনা বেড়ে যায়। সমস্যা প্রথমে ধীরে ধীরে হয়, ফলে শিশু বুঝতেই পারে না যে তাদের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমাদের কানের ভেতরে কক্লিয়া নামে একটি সূক্ষ্ম আকৃতির গঠন থাকে, যা শব্দকে মস্তিষ্কের জন্য বোঝার উপযোগী সংকেতে রূপান্তরিত করে। কক্লিয়ার মধ্যে ক্ষুদ্র চুলের কোষ থাকে, যা শব্দের তরঙ্গ থেকে কম্পন সনাক্ত করে এবং তা বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। এই সংকেত মস্তিষ্কে পৌঁছে গেলে আমরা শব্দ শুনতে পারি। কিন্তু একবার এই চুলের কোষ ক্ষতিগ্রস্ত হলে, তা আর স্বাভাবিকভাবে ফিরে আসে না। এজন্য শিশুদের জন্য হেডফোনের ভলিউম নিরাপদ স্তরে রাখা অত্যন্ত জরুরি।

মানসিক ও মনোযোগের সমস্যা
শ্রবণশক্তি ক্ষতির ঝুঁকি শুধু স্থায়ী নয়, এটি দৈনন্দিন জীবনের মানকেও প্রভাবিত করে। মানসিক ও মনোযোগের সমস্যা দেখা দিতে পারে। হেডফোনে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার কারণে শিশু বাহ্যিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়।
শিশুরা যদি উচ্চ ভলিউমে দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করে, তারা সাধারণ কথোপকথন বা ক্লাসের আওয়াজ ঠিকভাবে ধরতে অক্ষম হতে পারে। এই ধরনের সমস্যা শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কমিয়ে দেয় এবং সামাজিক যোগাযোগে সীমাবদ্ধতা সৃষ্টি করে।একই সঙ্গে উচ্চ ভলিউমের শব্দ মস্তিষ্ককে উদ্বিগ্ন এবং ক্লান্ত করে, যা উদ্বেগ এবং ঘুমের সমস্যা তৈরি করতে পারে।
শারীরিক সমস্যা
শারীরিক সমস্যাও হতে পারে। হেডফোন ব্যবহারের কারণে শিশুদের কানের ভেতরের চাপে পরিবর্তন আসে। কিছু শিশু মাথা বা কানের পেছনে ব্যথা অনুভব করতে পারে। দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করলে কান ঘষার ফলে চুলকানি, প্রদাহ বা সংক্রমণও হতে পারে। আরো বড় ঝুঁকি হলো, কখনো কখনো শিশু হাঁটাহাঁটি বা বাইরের জায়গায় হেডফোন ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় কারণ তারা আশেপাশের শব্দ শুনতে পারে না।

শ্রবণের অভ্যাস পরিবর্তন
শ্রবণ অভ্যাসে পরিবর্তন আসতে পারে। ছোট বয়স থেকেই নিয়মিত হেডফোনে উচ্চ ভলিউমে গান শোনার অভ্যাস হলে, বড় হওয়ার পরও তারা কম ভলিউমে গান বা সাধারণ পরিবেশের শব্দে সন্তুষ্ট হয় না। এটি তাদের শ্রবণ সংক্রান্ত অভ্যাসকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারে।
হেডফোন ব্যবহারে শিশুর জন্য করণীয়
শিশুদের হেডফোন ব্যবহার নিয়ে অনেক অভিভাবক বিভ্রান্ত হন। বিশেষজ্ঞদের মতে, তিন বছরের কম বয়সের শিশুদের কখনোই হেডফোন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এই বয়সে কানের গঠন ও শ্রবণশক্তি এখনো বিকশিত হচ্ছে, তাই উচ্চ শব্দ শোনার ঝুঁকি তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তিন বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে হেডফোন ব্যবহার কিছু নিয়ন্ত্রিত নিয়ম মেনে করা যেতে পারে। ঝুঁকি কমানোর জন্য অভিভাবকদের কিছু সহজ ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আজ বিশ্ব শ্রবণ দিবসে জেনে নেওয়া কীভাবে শিশুর হেডফোন ব্যবহারে সচেতন থাকবেন-
১. ভলিউম সীমিত করা
শিশুরা কখনোই অতিরিক্ত উচ্চ ভলিউমে গান বা ভিডিও শোনা উচিত নয়। বাজারে বিশেষ শিশু হেডফোন পাওয়া যায়, যা ৮৫ ডেসিবেলের বেশি ভলিউম বাড়তে দেয় না। এটি একটি সহজ এবং কার্যকর উপায় শিশুদের শ্রবণশক্তি সুরক্ষায়।
২. বিরতি নেওয়া
দীর্ঘ সময় হেডফোন ব্যবহার শিশুর কানের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, প্রতিদিন এক ঘণ্টার বেশি হেডফোন ব্যবহার করা উচিত নয়। নিয়মিত বিরতি নিলে কানের চাপ কমে এবং চুলের কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে।
৩. সঠিক হেডফোনের ব্যবহার
শিশুদের জন্য ওভার-ইয়ার হেডফোন বা কানের উপরে বসানো হেডফোন বেশি নিরাপদ। এটি কানের অভ্যন্তরীণ চাপ কমায় এবং শব্দ সমানভাবে বিতরণ করে। ইন-ইয়ার বা ছোট হেডফোন কানের ভেতরের চুলের কোষে চাপ সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।
৪. নিয়মিত শ্রবণ পরীক্ষা
শিশুদের শ্রবণশক্তি রক্ষা করার জন্য নিয়মিত শ্রবণ পরীক্ষা করানো প্রয়োজন। এতে যদি কোনো সমস্যা দেখা দেয়, তা সময়মতো ধরা পড়ে এবং সঠিক ব্যবস্থা নেওয়া যায়।
হেডফোন শিশুর বিনোদনের অন্যতম মাধ্যম হলেও, সঠিক ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কতা না নিলে, স্থায়ী শ্রবণশক্তি ক্ষতি, মনোযোগ কমে যাওয়া এবং শারীরিক সমস্যা শিশুর ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।
সূত্র : মায়ো ক্লিনিক, দ্য ইকোনমিক টাইমস, এভরিডে হেলথ
আরও পড়ুন:
শিশুদের নকল করে শুলে মিলবে পিঠের আরাম
স্কুলে শান্ত, বাসায় ঝড়? মায়ের কাছেই কেন জেদ করে শিশু
এসএকেওয়াই