ঘুম থেকে উঠেই মাথা ব্যথা? থাকতে পারে এসব কারণ
সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ লাগার কথা। কিন্তু অনেকেই দিনের শুরুতেই মাথা ব্যথা নিয়ে ওঠেন। এতে সারাদিনের কাজেই প্রভাব পড়ে, মনও খারাপ হয়ে যায়।
একদিন-দুদিন হলে হয়তো বিষয়টি তেমন গুরুত্ব পায় না, কিন্তু নিয়মিত হলে এর পেছনের কারণ খুঁজে দেখা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে উঠেই মাথা ব্যথা হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে - যার অনেকটাই আমাদের দৈনন্দিন অভ্যাসের সঙ্গে জড়িত।
১. ঘুমের মান খারাপ হওয়া
রাতে ঠিকমতো ঘুম না হলে বা বারবার ঘুম ভেঙে গেলে মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম পায় না। এতে সকালে মাথা ভার বা ব্যথা হতে পারে। অনিদ্রা বা স্লিপ ডিসঅর্ডার থাকলেও এই সমস্যা দেখা যায়।
২. ডিহাইড্রেশন বা পানিশূন্যতা
অনেকেই রাতে দীর্ঘ সময় পানি না খেয়ে থাকেন। ফলে সকালে শরীরে পানির ঘাটতি তৈরি হয়, যা মাথা ব্যথার একটি সাধারণ কারণ।
৩. বালিশ বা ঘুমের ভঙ্গি ঠিক না হওয়া
খুব উঁচু বা খুব নিচু বালিশ, কিংবা ঘাড়ে চাপ পড়ে এমন ভঙ্গিতে ঘুমালে ঘাড় ও মাথায় টান পড়ে। এর ফলেই সকালে মাথা ব্যথা হতে পারে।
৪. দাঁত চেপে ঘুমানো
অনেকেই না বুঝেই রাতে দাঁত চেপে ঘুমান, যাকে ব্রুক্সিজম বলা হয়। এতে চোয়াল ও মাথার পেশিতে চাপ পড়ে এবং সকালে ব্যথা অনুভূত হয়।

৫. অতিরিক্ত স্ক্রিন ব্যবহার
ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করলে চোখ ও মস্তিষ্কের ওপর চাপ পড়ে, যা পরদিন সকালে মাথা ব্যথার কারণ হতে পারে।
৬. অন্যান্য শারীরিক সমস্যা
রক্তচাপের ওঠানামা, মাইগ্রেন, বা সাইনাস সমস্যা থাকলেও ঘুম থেকে উঠেই মাথা ব্যথা হতে পারে। তাই সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এই সমস্যা এড়াতে নিয়মিত ঘুমের সময় ঠিক রাখা, ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো, পর্যাপ্ত পানি পান করা এবং আরামদায়ক বালিশ ব্যবহার করার চেষ্টা করুন।
সকালের মাথা ব্যথাকে ছোট সমস্যা মনে হলেও, এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। তাই কারণ বুঝে ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সূত্র: মায়ো ক্লিনিক, হার্ভার্ড হেলথ পাবলিশিং, স্লিপ ফাউন্ডেশন
এএমপি/এএসএম