রোদে যাওয়ার আগে ত্বকে যা মাখবেন না
রোদে বের হওয়ার আগে অনেকেই তাড়াহুড়ো করে ত্বকে নানা ধরনের পণ্য ব্যবহার করেন। কিন্তু স্কিনকেয়ারের সব উপাদান রোদে যাওয়ার আগে ব্যবহার করা নিরাপদ নয়। কিছু উপাদান সূর্যের আলোতে ত্বকের ক্ষতি বাড়িয়ে দিতে পারে, এমনকি দাগ, জ্বালা বা ব্রণের সমস্যাও তৈরি করতে পারে।
তাই রোদে যাওয়ার আগে কী ব্যবহার করবেন, তার পাশাপাশি কী ব্যবহার করবেন না - এটা জানাও জরুরি।
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের সংবেদনশীলতা বাড়িয়ে দেয়। এই সময় ভুল প্রোডাক্ট ব্যবহার করলে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
জেনে নিন রোদে যাওয়ার আগে যেগুলো এড়িয়ে চলবেন -

১. লেবু বা সাইট্রাস উপাদান
লেবু, কমলা বা এ ধরনের সাইট্রাস উপাদান ত্বকে লাগিয়ে রোদে গেলে ফটোসেনসিটিভ রিঅ্যাকশন হতে পারে। এতে ত্বকে জ্বালা, লালচে ভাব বা দাগ দেখা দিতে পারে।
২. রেটিনল বা ভিটামিন-এ জাতীয় পণ্য
রেটিনল ত্বককে সূর্যের প্রতি বেশি সংবেদনশীল করে তোলে। তাই এটি রাতে ব্যবহার করাই ভালো। দিনে ব্যবহার করলে সানবার্নের ঝুঁকি বাড়ে।

৩. হেভি অয়েল বা গ্রিসি ক্রিম
রোদে বের হওয়ার আগে ভারী তেল বা খুব ঘন ক্রিম ব্যবহার করলে ধুলো-ময়লা সহজে ত্বকে আটকে যায়। এতে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ হতে পারে।
৪. পারফিউম বা সুগন্ধি
ত্বকে সরাসরি পারফিউম ব্যবহার করে রোদে গেলে ত্বকে দাগ বা অ্যালার্জি হতে পারে। অনেক সুগন্ধিতে থাকা রাসায়নিক সূর্যের আলোতে রিঅ্যাক্ট করে।

৫. এক্সফোলিয়েটিং প্রোডাক্ট (স্ক্রাব/অ্যাসিড)
স্ক্রাব বা অ্যাসিডযুক্ত প্রোডাক্ট ব্যবহার করার পর ত্বক কিছুটা সংবেদনশীল থাকে। এই অবস্থায় রোদে গেলে ত্বক সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাহলে কী করবেন?
রোদে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এরপর অবশ্যই ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন লাগান, যা ত্বককে আতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেবে। প্রয়োজনে ছাতা, সানগ্লাস বা স্কার্ফ ব্যবহার করতে পারেন।
ত্বকের যত্নে শুধু ভালো প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না, সঠিক সময়ে সঠিক জিনিস ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। তাই রোদে যাওয়ার আগে একটু সচেতন হলেই এড়ানো যায় ত্বকের অনেক সমস্যা।
সূত্র: মায়ো ক্লিনিক, আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি
এএমপি/এমএস