প্রতিদিন সকালে চায়ের সঙ্গে পরোটা খেলে কী হতে পারে?
সকালবেলা গরম চায়ে ডুবিয়ে রুটি বা পরোটা খেতে অনেকেই পছন্দ করেন। এটি বেশ সহজে তৈরি করা যায়, খেতেও বেশ মজাদার। তবে এই অভ্যাস যদি প্রতিদিনের নিয়মে পরিণত হয়, তাহলে তা শরীরের জন্য কতটা উপকারী, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই জনপ্রিয় খাবারের সংমিশ্রণের কিছু লুকানো ক্ষতিকর দিকও রয়েছে, যা দীর্ঘমেয়াদে শরীরের ওপর প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এতে কিছু স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এতে এমন কিছু উপাদান রয়েছে শরীরে সম্পূর্ণ উপকার করতে পারে না।
আসুন জেনে নেওয়া দুধ চা দিয়ে পরোটা খেলে কী কী সমস্যা হতে পারে-
পুষ্টি শোষণে বাধা তৈরি করে
চায়ের মধ্যে থাকা ট্যানিন ও ফাইটেট শরীরের জন্য প্রয়োজনীয় কিছু খনিজ উপাদান শোষণে বাধা দেয়। বিশেষ করে আয়রন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান শরীরে ঠিকমতো প্রবেশ করতে পারে না। ফলে আপনি পুষ্টিকর খাবার খেলেও শরীর তার পুরো উপকার পায় না। এই কারণে নিয়মিত চা-রুটি খাওয়ার অভ্যাস পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে।
হজমের সমস্যা বাড়ায়
চায়ে থাকা ক্যাফেইন পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। এর সঙ্গে রুটি বা পরোটা খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। অনেকের ক্ষেত্রে পেট ফাঁপা, গ্যাস, বুকজ্বালা বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন এভাবে খেতে থাকলে অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকিও বাড়ে।
আয়রনের ঘাটতি ও অ্যানিমিয়ার ঝুঁকি
নিয়মিত চায়ের সঙ্গে রুটি বা পরোটা খেলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। চায়ে থাকা ফেনোলিক যৌগ পাকস্থলীতে আয়রনের সঙ্গে বিক্রিয়া করে এমন একটি যৌগ তৈরি করে, যা শরীর সহজে শোষণ করতে পারে না। ফলে ধীরে ধীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে এই অভ্যাস আরও বেশি ক্ষতিকর।
প্রোটিন হজমে প্রভাব ফেলে
চায়ের ট্যানিন প্রোটিনের সঙ্গে মিশে শরীরের শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, ট্যানিন প্রোটিন হজম প্রক্রিয়াকে প্রায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত ধীর করে দিতে পারে। ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয় এবং দুর্বলতা দেখা দিতে পারে।

রক্তে শর্করার মাত্রা বাড়ার ঝুঁকি
রুটি বা পরোটায় কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। এর সঙ্গে চায়ে চিনি মিশিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। এটি ডায়াবেটিস রোগীদের ক্ষতি করতে পারে। নিয়মিত এই অভ্যাস রক্তে সুগারের ভারসাম্য নষ্ট করতে পারে।
অন্যান্য শারীরিক সমস্যা
দুধ চায়ের সঙ্গে রুটি বা পরোটা খেলে অনেকেই কোষ্ঠকাঠিন্য বা অস্বস্তির কারণ হতে পারে। কারণ এটি হজমতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।
তাহলে যা খাবেন
বিশেষজ্ঞদের মতে, রুটি বা পরোটা সবসময় তরকারি, ডাল বা দইয়ের সঙ্গে খাওয়াই ভালো। এতে পুষ্টির ভারসাম্য বজায় থাকে। যদি চা পান করতেই চান, তবে খাবারের অন্তত ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পরে চা পান করা উচিত। এতে পুষ্টি শোষণে বাধা কম হয়।
স্বাস্থ্যকর নাস্তা হিসেবে যা খেতে পারেন
সকালের নাস্তায় স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া খুবই জরুরি। ওটস, ব্রাউন ব্রেড, ফল, সবজির স্মুদি, ডিম-টোস্ট বা প্যানকেক বেছে নিতে পারেন। এগুলো শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং সারাদিনের জন্য শক্তি দেয়।
চা-রুটির এই অভ্যাস একেবারে বাদ দেওয়া না গেলেও তা যেন নিয়মে পরিণত না হয়। সচেতনভাবে খাবারের সময় ও ধরন বদলালে আপনি সুস্থ থাকতে পারবেন।
সূত্র: হেলথশটস, টাইমস অব ইন্ডিয়া
এসএকেওয়াই