কানে ডিসকো গ্ল্যামে হাজির দুয়া লিপা
কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর জমকালো আয়োজন যেন প্রতিদিনই নতুন কোনো ফ্যাশন মুহূর্তের জন্ম দিচ্ছে। এবার সেই আলোচনায় জায়গা করে নিলেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা।
নেসপ্রেসোর আয়োজিত বিশেষ বিচসাইড ফটোকলে হাজির হয়ে তিনি দেখালেন কীভাবে মেটালিক গ্ল্যামার আর স্টেটমেন্ট জুয়েলারি একসঙ্গে হয়ে উঠতে পারে নিখুঁত স্টাইল স্টেটমেন্ট।
কানের সমুদ্রতীরবর্তী পপ-আপ ভেন্যুতে দুয়াকে দেখা যায় ঝলমলে সিলভার টোনের একটি ফ্রিঞ্জ স্লিপ ড্রেসে।
পোশাকজুড়ে থাকা সিকুইনের কাজ এবং স্তরভিত্তিক ঝুলন্ত ফ্রিঞ্জ পুরো লুকে এনে দেয় রেট্রো ডিসকো ভাইবের আধুনিক রূপ। আলো পড়ার সঙ্গে সঙ্গে পোশাকটির ঝিকিমিকি আভা যেন তাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলছিল।
ড্রেসটির গভীর ভি-নেকলাইন, সূক্ষ্ম স্ট্র্যাপ এবং ব্যাকলেস ডিজাইন তার উপস্থিতিতে যোগ করেছে আত্মবিশ্বাসী আবেদন। এর সঙ্গে পরা সিলভার স্টিলেটো পুরো মেটালিক থিমকে নিখুঁতভাবে সম্পূর্ণ করেছে।
তবে এই লুকের সবচেয়ে আলোচিত অংশ ছিল তার গলায় থাকা সর্পিল নকশার নেকলেসটি। ইতালিয়ান বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড বুলগারির ডায়মন্ডখচিত সার্পেন্টাইন নেকপিস মুহূর্তেই পুরো স্টাইলিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। নেকলেসটির নকশায় ছিল একদিকে রাজকীয়তা, অন্যদিকে সাহসী আধুনিকতার ছাপ।
এর সঙ্গে মিলিয়ে দুয়া পরেছিলেন স্টেটমেন্ট ব্রেসলেট, ঝলমলে ককটেল রিং এবং মানানসই ইয়াররিং। গয়নার এই সমন্বয় তার মেটালিক পোশাকের সঙ্গে তৈরি করেছে চমৎকার ভারসাম্য। পাশাপাশি লম্বা নেইল এক্সটেনশন এবং হাতে দৃশ্যমান কয়েকটি ট্যাটু পুরো লুকে যোগ করেছে তার স্বতন্ত্র ব্যক্তিত্ব ও এজডি স্টাইল।
মেকআপেও ছিল পরিমিত গ্ল্যামের ছোঁয়া। নিউড টোনের ঠোঁট, নরম গ্লোয়িং বেস এবং স্বাভাবিকভাবে খোলা চুল তাকে দিয়েছে অনায়াসে আকর্ষণীয় এক উপস্থিতি।
ভারী মেকআপ এড়িয়ে যাওয়ায় পোশাক ও গয়নার ঝলকই হয়ে উঠেছে পুরো লুকের মূল আকর্ষণ।
কানের এই উপস্থিতিতে দুয়া লিপা আবারও দেখালেন-গ্ল্যামার শুধু জাঁকজমকে নয়, বরং সঠিক স্টাইলিং ও আত্মবিশ্বাসী উপস্থাপনাতেও লুকিয়ে থাকে।
জেএস/