নখ কাটার সঠিক নিয়ম না জানলেই বিপদ
নখ কাটা আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটি কাজ। তবে এটি ভুলভাবে করা হলে ছোট এই অভ্যাস থেকেই তৈরি হতে পারে নানা শারীরিক জটিলতা। বিশেষজ্ঞদের মতে, নখের যত্ন শুধু সৌন্দর্য ধরে রাখার জন্য নয়, বরং সংক্রমণ ও বিভিন্ন সমস্যার ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইনগ্রোন নখ: সবচেয়ে পরিচিত সমস্যা
নখ সংক্রান্ত সমস্যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ইনগ্রোন নখ। সাধারণত পায়ের নখ অতিরিক্ত গোল করে বা একেবারে কোণা পর্যন্ত কেটে ফেললে এই সমস্যা তৈরি হয়। এতে নখ পাশের চামড়ার ভেতরে ঢুকে যেতে শুরু করে। ফলে ব্যথা, লালচে ভাব, ফোলা এবং কখনও পুঁজ জমার মতো পরিস্থিতিও দেখা দিতে পারে। অনেক সময় অবস্থা গুরুতর হলে ছোট ধরনের অস্ত্রোপচার পর্যন্ত প্রয়োজন হয়।

প্যারোনাইকিয়া ও সংক্রমণের ঝুঁকি
অপরিষ্কার নেইল কাটার ব্যবহার, খুব গভীরভাবে নখ কাটা বা কাটার সময় ত্বকে আঘাত লাগা, এসব কারণে সহজেই জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে প্যারোনাইকিয়া নামে পরিচিত সংক্রমণ দেখা দেয়, যেখানে নখের চারপাশে ব্যথা, ফোলা ও পুঁজ জমে। দীর্ঘদিন অবহেলা করলে নখের স্বাভাবিক গঠনও নষ্ট হয়ে যেতে পারে।
খারাপ অভ্যাসে বাড়ে জীবাণুর বিস্তার
অনেকেই নখ খুব ছোট করে কাটেন বা ঘন ঘন কাটার অভ্যাস রাখেন। এতে নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যেতে পারে। আবার দাঁত দিয়ে নখ কাটা বা হাত দিয়ে ছিঁড়ে ফেলার অভ্যাসও বেশ ক্ষতিকর। এতে হাত ও মুখের জীবাণু সহজেই শরীরে ছড়িয়ে পড়ে, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
যাদের বেশি সতর্ক থাকা দরকার
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি কিংবা যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের ক্ষেত্রে সামান্য ক্ষতও বড় সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে পায়ের নখ ভুলভাবে কাটার কারণে তৈরি হওয়া ক্ষত সহজে শুকাতে চায় না এবং দ্রুত সংক্রমণে রূপ নিতে পারে। তাই এই ধরনের ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।
নখ কাটার সময় যেসব ভুল বেশি হয়
- তাড়াহুড়ো করে নখ কাটা
- পর্যাপ্ত আলো ছাড়া কাটা
- ভেজা বা অতিরিক্ত শক্ত নখে ভুলভাবে চাপ দেওয়া
এসব কারণে নখ অসমানভাবে কাটা হতে পারে এবং ত্বকে আঘাত লাগার আশঙ্কা বাড়ে।
নখ কাটার সঠিক উপায়
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, পায়ের নখ সব সময় সোজাভাবে কাটা উচিত এবং কোণার অংশ খুব বেশি না কাটাই ভালো। হাতের নখ সামান্য গোল করা যেতে পারে, তবে খুব গভীরভাবে নয়।
এ ছাড়া পরিষ্কার ও জীবাণুমুক্ত নেইল কাটার ব্যবহার করা জরুরি। নখ কাটার আগে হাত-পা পরিষ্কার রাখা এবং কাটার পর ধুয়ে নেওয়ার অভ্যাসও উপকারী। চাইলে গোসলের পর নখ কিছুটা নরম অবস্থায় কাটতে পারেন, এতে নখ সমানভাবে কাটতে সুবিধা হয়।
আরও পড়ুন:
মনে রাখতে হবে, নখ কাটা ছোট একটি কাজ হলেও ভুল পদ্ধতি অনুসরণ করলে তা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই সামান্য সচেতনতা ও সঠিক নিয়ম মেনে চললেই অনেক অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো সম্ভব।
তথ্যসূত্র: মায়ো ক্লিনিক, হেলথলাইন
জেএস/

