পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নাজমুলের মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দ্যা ডেইলি নিউএজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাজমুল হুদা মামলা করেছেন। থানায় নিয়ে নির্যাতন করার অভিযোগে মঙ্গলবার তিনি ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় রমনা থানার দুই ওসি ও অভিযুক্ত নির্যাতনকারী এসআই মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট থানার ৮/১০জন পুলিশ সদস্যকে এই মামলার আসামী করা হয়েছে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটির ঘটনা তদন্ত করে আগামী ১০ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ডিবির যুগ্ম কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে নাজমুল হুদা তার বন্ধু খায়রুজ্জামান শুভকে নিয়ে মোটরসাইকেলযোগে কাকরাইলের রাজমনি সিনেমা হলের সামনে এলে ট্রাফিক পুলিশ তাদের থামায়। দুইজন মটরসাইকেলে ওঠা নিষিদ্ধ জিজ্ঞেস করে কারণ জানতে চাইলে নাজমুল নিজেকে সাংবাদিক পরিচয় দেন।
সাংবাদিক পরিচয় পেয়েই ঘটনাস্থলে উপস্থিত এসআই মেহেদী হাসান বাদী ও তার বন্ধুকে বেধড়ক মারধর শুরু করেন। এরপর তারা ভুক্তভোগীদের মোবাইলে প্রধানমন্ত্রীর নগ্ন ছবি আপলোড করে দেওয়ার নির্দেশ দেন। পরে তাদের রমনা থানায় নিয়ে সেখানেও মারধর করে দুজনকেই গুরুতর আহত করা হয়।
এরপর এসআই সুমন একটি রেকর্ডার এনে বাদী ও তার বন্ধুকে পাবলিক পিটিয়েছে মর্মে জোর করে স্বীকারোক্তি রেকর্ড করেন। পরে পুলিশ তাদের ছেড়ে দিলে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলায় অভিযোগে বলা হয়, রমনা থানার ওসি ও ওসি (তদন্ত) র নির্দেশে এসআই মেহেদী হাসানসহ ও অনান্য অজ্ঞাত পুলিশ সদস্যরা বাদী ও তার বন্ধু শুভকে পিটিয়ে জখম করেন।
এমএম/এএইচ/আরআইপি