বৈশাখী টিভি থেকে বরখাস্ত ফারহানা নিশো


প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৪ মার্চ ২০১৫

জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশোকে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বিনা নোটিশে ফারহানা নিশোকে অব্যাহতি দেওয়া হয়। চ্যানেলটির ডিএমডি টিপু আলম এই অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন।

তবে ঠিক কী কারণে নিশোকে হঠাৎ বাদ দেয়া হলো, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এবিষয়ে মুখ খুলতে চাননি বৈশাখী টিভির কেউ। তবে ফারহানা নিশোকে নিয়ে চ্যানেলটিতে বেশ কয়েক মাস ধরেই ঝামেলা চলছিল বলে টেলিভিশনটির বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে ফারহানা নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,  আমি ২৪ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ২১ দিনের ছুটিতে আছি। আর আমি অব্যাহতিপত্রও পাইনি। গত পাঁচ বছর ধরে আমি বৈশাখীতে আছি। এখানে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়েছি।

ফারহানা নিশো একজন সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে। পরবর্তীতে তিনি বন্ধ হয়ে যাওয়া ‘চ্যানেল ওয়ান’-এ অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেলে তিনি বৈশাখীতে যোগ দেন এজিএম বিজনেস ডেভলপমেন্ট ও সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। অবশ্য এর আগে তিনি গ্রামীণফোন, ওয়ারিদের মতো করপোরেটবান্ধব প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন। সর্বশেষ বৈশাখী টিভির হেড অব করপোরেট অ্যাফেয়ার্সে দায়িত্বরত ছিলেন ফারহানা নিশো।

এলএ/এএ/আরএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।