সাংবাদিক হাসান উজ্জামান খান আর নেই


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৮ মে ২০১৫

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের আজীবন ও প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক হাসানুজ্জামান খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মরচুয়ারিতে সোমবার তার মরদেহ রাখা হবে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরহুমের মরদেহ মঙ্গলবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে আনা হবে। প্রেসক্লাবে জানাযা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে।

বরেণ্য সাংবাদিক হাসান উজ্জামান খান ১৯২৬ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া গ্রামে জন্মগ্রহণ করলেও তার পিতৃভিটা মানিকগঞ্জ জেলার মূলজান গ্রামে। ১৯৪৫ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায় তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর তিনি স্বাধীনতা, পাকিস্তান অবজার্ভার, বাসস, বঙ্গবার্তা, নিউ নেশন, বাংলাদেশ টু ডে, ফিনানসিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন মিডিয়ায় কাজ করেন। তার প্রায় ৬০ বছরের সাংবাদিকতা জীবনের বেশিরভাগ সময় তিনি কাজ করেন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস)। তিনি বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

হাসান উজ্জামান খান ম্যানিলায় সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ নেন। তিনি প্রেস ইনস্টিটিউটের রিসোর্স পার্সন হিসেবে কাজ করেন। জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য ছাড়াও তিনি ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হন। সাংবাদিকতা ছাড়াও বাংলাদেশ ও তদানীন্তন পূর্ব পাকিস্তানে বিজ্ঞানবিষয়ক লেখালেখির পথিকৃৎও ছিলেন তিনি। তার সম্পাদিত বই হচ্ছে ‘এগ্রিকালচার ইন বাংলাদেশ’।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোক বিবৃতিতে হাসান উজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।

ক্লাব নেতারা বলেন, হাসান উজ্জামান খান ছিলেন সাংবাদিকতা জগতের এক অনন্য প্রতিষ্ঠান। তার নিষ্ঠা, সাধনা, আদর্শ ও পেশার প্রতি অঙ্গীকার তরুণ সাংবাদিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।