মহাপরিচালক
নির্বাচনে অর্পিত সব দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্পিত সব দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এমনটাই জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি সোমবার (৯ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক সমন্বয় সভায় বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক দামুড়হুদা সফর করেন। এসময় তিনি স্থানীয় বেসামরিক প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মেজর জেনারেল আশরাফুজ্জামান সোমবার দুপুরে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা হয়। এতে সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয় এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দামুড়হুদাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।
তিনি জানান, সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
সমন্বয় সভা শেষে বিজিবি মহাপরিচালক নির্বাচনি বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবির সব পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সমন্বয় সভায় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোর রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা এবং কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ সব ব্যাটালিয়নের অধিনায়ক উপস্থিত ছিলেন।
সিএইচএম/একিউএফ