এক ছাদ থেকে আরেক ছাদে লাফ, নিচে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

রাজধানীর কলাবাগান থানাধীন ১৭ নম্বর কাঁঠালবাগান পশ্চিম পাশের বাউন্ডারির দেওয়ালের ভেতর থেকে মো. শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ১৭ নম্বর কাঁঠালবাগান বাউন্ডারির দেওয়ালের ভেতর থেকে শহিদুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি গতকাল রাতে ১৭ নম্বর বাসায় ছয় তালার ছাদের ওপর থেকে অন্য একটি ছাদে লাফ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই রফিকুল বলেন, আমার ছোট ভাই দু-তিনদিন হলো গ্রাম থেকে আমার বাসায় বেড়াতে এসেছে। আমি জানতে পারি, গত রাতে পাশের বাসার একটি ছয়তলার ছাদ থেকে লাফ দিলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। কী কারণে লাফিয়ে পড়ে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দক্ষিণ মাঝপাড়া গ্রামে।

কাজী আল-আমিন/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।