ঢাকা ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ৩৯ পাইলট-কেবিন ক্রু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৩ মার্চ ২০২৬

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সঙ্গে সারাবিশ্বের সব এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে দুবাই বিমানবন্দরে আটকা পড়েন বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ইউএস-বাংলার ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু।

তাদের উদ্ধারে সর্বোচ্চ পেশাদারত্বের পরিচয় দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটি বিশেষ ব্যবস্থাপনায় তাদের দেশে ফিরিয়ে এনেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটি ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থাজনিত আকাশপথের অস্থিতিশীলতা ও সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দুবাইয়ে ৪৮ ঘণ্টারও বেশি সময় অবস্থান করতে বাধ্য হয়। এসময় ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু সেখানে আটকা পড়েন। দুবাই বিমানবন্দরেও কার্যক্রম সীমিত ছিল এবং পরিস্থিতি ছিল অত্যন্ত সংবেদনশীল।

jagonews24

ইউএস-বাংলা দুবাই স্টেশন ও ঢাকা হেড অফিস কর্তৃপক্ষ দুবাই বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে একটি নিরাপদ করিডোর নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালায়। অবশেষে স্বল্প সময়ের একটি বিশেষ অনুমতি পাওয়া গেলে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় যাত্রীবিহীন ফ্লাইটে ৩৯ জন ক্রুকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটি ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট।

ফ্লাইটটির নেতৃত্ব দেন ক্যাপ্টেন সামসুজ্জাহান এবং ফার্স্ট অফিসার শাহাদাত। সর্বোচ্চ পেশাদারত্ব, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করে ৩ মার্চ ভোরে নিরাপদে ঢাকায় অবতরণ করেন।

এমএমএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।