জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের কাছে সম্মাননা তুলে দেন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ৩১ মার্চ জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের কাছে এ সম্মাননা তুলে দেন।

জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ও প্রশংসা জানায়। এই রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে, মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নরের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে তারা সামরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশ নেয়।

এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনসের সঙ্গেও সাক্ষাৎ করেন।

গত ২৮ মার্চ সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে যান।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।