ঢাকা মহানগরে খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৬
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু/ফাইল ছবি

সারাদেশে ভূমিহীনদের পুনর্বাসনে সরকারি খাসজমি বরাদ্দ প্রক্রিয়া চলমান থাকলেও ঢাকা মহানগরের ক্ষেত্রে তা কার্যকর নয়। ঢাকা মহানগরের সমস্ত খাসজমি অকৃষি হওয়ায় তা ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের (ঢাকা-১২) এক লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এই তথ্য জানান।

এক প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী ঢাকা-১৮ আসনের খাসজমির বর্তমান চিত্র তুলে ধরে জানান, এই আসনে মোট খাসজমির পরিমাণ ৯২৯.৯১৪০ একর। এর মধ্যে নদী, খাল, রাস্তা ও হাট শ্রেণিভুক্ত জমিগুলো জনস্বার্থে ব্যবহৃত হচ্ছে। নাল, বোনো এবং পুকুর শ্রেণির কিছু জমি বর্তমানে সিটি রেকর্ড অনুযায়ী খাস খতিয়ানে এলেও সেগুলো নিষ্কণ্টক না হওয়ায় ফাঁকা পড়ে আছে। এছাড়া সিটি জরিপে ভুলবশত খাস খতিয়ানে রেকর্ড হওয়া কিছু সম্পত্তির বিষয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে।

ভূমিমন্ত্রী জানান, ঢাকা মহানগরের জমিগুলো অকৃষি হিসেবে চিহ্নিত। ফলে এখানে ভূমিহীন পুনর্বাসনের আইনি সুযোগ না থাকলেও সরকারের বেদখলকৃত জমি উদ্ধারের কঠোর পরিকল্পনা রয়েছে। উদ্ধারকৃত সরকারি খাসজমি সরকারের নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় রাজস্ব আদায়ের কাজে ব্যবহার করা হবে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার বাইরে প্রকৃত ভূমিহীনদের জন্য পুনর্বাসন একটি চলমান কার্যক্রম। নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই সাপেক্ষে যোগ্যদের জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। উদ্ধারকৃত জমি কবে নাগাদ রাজস্বের আওতায় আসবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ের মধ্যেই এসব জমি সরকারি আয় বৃদ্ধির কাজে লাগানো হবে।

এমওএস/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।