চলন্ত গাড়ির চালককে বিভ্রান্ত করে ৩০ লাখ টাকার কাপড় লুট, গ্রেফতার ৫
রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে চালককে বিভ্রান্ত করে চীন থেকে আমদানিকৃত ৩০ লাখ টাকা মূল্যের গার্মেন্টসের কাপড় লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় লুট হওয়া কাপড় ও বহনকারী কাভার্ডভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- মো. মুন্না হাসান (৩২), মো. আবু হাসান (৩৪), মো. গোলাম মোস্তফা (২৯), মো. রাজিব আলী দেওয়ান (৩৪) ও মো. ইব্রাহিম হক (৩০)।
রোববার (৩ মে) দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পারভেজ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৩০ এপ্রিল চীন থেকে আমদানিকৃত বিদেশি কাপড়ের ৯০টি রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা পথে রওনা দেন কাভার্ডভ্যান চালক মাহমুদুল হাসান। পরে গত ১ মে ভোরে বিমানবন্দর থানার ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছামাত্র অজ্ঞাত গাড়ি কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ধাক্কা দেওয়া গাড়িকে আটকাতে গেলে কাপড়ভর্তি কাভার্ডভ্যান রহস্যজনকভাবে চুরি হয়ে যায়।

পারভেজ রানা আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। পরে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। এরপর ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মুন্না হাসান, আবু হাসান, গোলাম মোস্তফা ও রজব আলীকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। পরে রজব দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ৯০টি ফেব্রিক্সের রোল উদ্ধার করা হয় বলেও জানান পারভেজ রানা।
এছাড়া চুরি হওয়া কাভার্ডভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত আরেকটি কাভার্ডভ্যানও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
কেআর/ইএ