কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তে থাকবে মেশিন: ডিএমপি কমিশনার
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুহাটগুলোতে জাল নোট শনাক্তে মেশিন বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে পশুহাটকে কেন্দ্র করে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তা নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. সরওয়ার বলেন, কোরবানির হাটগুলোতে জাল নোট প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ, সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, ব্যাংক—প্রত্যেকেই কাজ করছে। প্রত্যেকটা পশু হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে। পাশাপাশি ডিবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা থাকবে। অভিযান চালিয়ে জাল নোটের উৎস আগে থেকেই বন্ধ করা হবে। জাল নোট যেন কেউ ছড়াতে না পারে বা কারা কারা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ধরতে অভিযান চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।
গরুর হাট ঘিরে সম্ভাব্য সংঘর্ষ বা সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। আমরা আশা করি কোনো ধরনের সমস্যা হবে না।
ট্রাফিক ব্যবস্থাপনাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, গাবতলী এলাকায় হাট ও বাস টার্মিনাল দুটো কার্যক্রম একসঙ্গে চলায় চাপ তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে নতুন সড়ক নির্মাণসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
তিনি আরও জানান, হাটে গরু আনা-নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা আনতে নির্দিষ্ট আনলোডিং ও লোডিং পয়েন্ট নির্ধারণ করা হবে। যাতে সড়কে গরু নামানো বা তোলা না হয় এবং যানজট সৃষ্টি না করে নির্ধারিত স্থান থেকেই পরিবহন কার্যক্রম সম্পন্ন করা যায়।
গাবতলী হাটকেন্দ্রিক সার্বিক ব্যবস্থাপনার একটি বিস্তারিত পরিকল্পনা শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
কেআর/এমএমকে